উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতা দমনে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষকসমাজ এবং স্থানীয় পঞ্চায়েত কমিটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি বলেছেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আলোচিত একাধিক অপরাধী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তবে অপরাধের স্থায়ী সমাধানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাদকবিরোধী অভিযানের চিত্র তুলে ধরে তারেক আল মেহেদী বলেন, ‘আমাদের বিরুদ্ধে কথা হচ্ছে, আমরা মাদক ব্যবসায়ীদের ধরি কি না? আমরা কিন্তু অনেক মাদক ব্যবসায়ীকে ধরেছি। যেমন আলোচিত রাজ্জাক ও তাঁর দুই ছেলে, টাইগার মোমেন, ব্ল্যাক জনি, বন্দরের শিফাত বাহিনীর পুরো বাহিনী, চোনপাড়ার শামীম, শ্যুটার রিয়াজ, কুত্তা শ্রাবণ, চশমা সোহেল ও সুমনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাঁরা এখন হাজতে আছেন।’
জিমখানা ও চাষাঢ়া এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘একসময় জিমখানা মাদকের অভয়ারণ্য ছিল, এখন কিন্তু আর সেভাবে নেই। সিটি পার্কে এখন আপনারা নির্দ্বিধায় হাঁটতে পারবেন। সেখানে আমাদের পুলিশ প্রশাসন ভোরবেলা থেকেই মর্নিং মোবাইল ও ফুট পেট্রোল ডিউটি রাখে। চাষাঢ়া রেলস্টেশন মাদকমুক্ত রাখতেও আমাদের নিয়মিত অভিযান চলছে।’
অপরাধ নিয়ন্ত্রণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘মাদক নির্মূল করতে গেলে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না। গ্রামগঞ্জে কে কী করে, তা সবাই জানলেও নারায়ণগঞ্জে এলাকার কার ছেলে কী করে, তা কেউ কাউকে চেনে না। সন্ধ্যার পর সন্তান কেন পড়ার টেবিলে না থেকে বাইরে ঘুরছে, তা দেখার দায়িত্ব প্রত্যেক অভিভাবকের। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষকদেরও ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের প্রতি কড়া নজর রাখতে হবে।’
জেলার অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আয়তন ও জনসংখ্যার তুলনায় জেলা পুলিশের সদস্যসংখ্যা খুবই কম। জেলখানার ধারণক্ষমতা মাত্র ৬০০ জন হলেও বর্তমানে সেখানে প্রায় ৩ হাজার ৬০০ বন্দি রয়েছেন।
এ অবস্থায় দ্রুত নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু করা এবং প্রতিটি জেলায় কিশোর সংশোধন কেন্দ্র ও সরকারি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।
গোলটেবিল আলোচনায় অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে।