উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)। নতুন এ ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘ অপেক্ষা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীদের এ আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে জার্মানি। দুই দেশের শিক্ষার্থীদের যাতায়াত বাড়লে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগও সম্প্রসারিত হবে বলে মনে করছে দেশটি।
নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন। ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগও থাকবে।
অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত হবে। তবে আবেদনকারীর পরিস্থিতি ও আবেদনের ধরন অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
আগের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন আবেদন করতে হবে
নতুন ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীদেরও পুনরায় আবেদন জমা দিতে হবে। তাঁদেরসহ সব আবেদনকারীকে নতুন ডিজিটাল পোর্টালে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে হবে।
দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক অসুবিধার কারণ হতে পারে। তবে এ উদ্যোগের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও গতিশীল করা এবং দূতাবাসের আবেদন নিষ্পত্তির সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
যেভাবে আবেদন করবেন
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে হবে।
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/
প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা পোর্টাল এবং জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।