উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব অর্জন কিংবা জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকিস্বরূপ গুরুতর অপরাধে জড়িত থাকার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বধারীদের সুইডিশ নাগরিকত্ব বাতিলের সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সুইডেনের পার্লামেন্ট।
বুধবার (১১ নভেম্বর) পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে সংশোধনীর পক্ষে ২৯২টি এবং বিপক্ষে ৫১টি ভোট পড়ে। নতুন এই বিধানের ফলে দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের পথ খুলেছে।
সংশোধনী অনুযায়ী, কেউ মিথ্যা তথ্য বা প্রতারণার মাধ্যমে সুইডিশ নাগরিকত্ব অর্জন করলে কিংবা সুইডেনের অত্যাবশ্যকীয় স্বার্থের গুরুতর ক্ষতি করে এমন অপরাধে দোষী সাব্যস্ত হলে তার নাগরিকত্ব বাতিলের বিধান করা যাবে।
তবে সংবিধান সংশোধন অনুমোদিত হলেও নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া এখনই কার্যকর হচ্ছে না। এ-সংক্রান্ত বিস্তারিত আইন প্রণয়ন ও কোন কোন অপরাধের ক্ষেত্রে নাগরিকত্ব বাতিল করা হবে, তা নির্ধারণের দায়িত্ব থাকবে পরবর্তী সরকারের ওপর।
প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন মধ্য-ডান সরকার গত বছর জানিয়েছিল, সংগঠিত অপরাধে দোষী সাব্যস্ত দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের সুযোগ তৈরির বিষয়টি তারা বিবেচনা করছে। দেশটির অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটস পার্লামেন্টে সরকারকে সমর্থন দিয়ে আসছে।
সুইডেনের সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টে দুটি পৃথক ভোটের প্রয়োজন হয়। এ দুই ভোটের মাঝখানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। বুধবারের ভোটটি ছিল সংশোধনী অনুমোদনের দ্বিতীয় ও চূড়ান্ত ভোট।
গত ১৩ সেপ্টেম্বরের নির্বাচনের পর নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় বর্তমানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন। ফলে নাগরিকত্ব বাতিলের বিষয়ে পরবর্তী আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে নতুন সরকারকে।
এদিকে সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার সংস্থা সিভিল রাইটস ডিফেন্ডারসের আইনবিষয়ক উপদেষ্টা এইদা সামানি ভোটের আগে এক বিবৃতিতে বলেন, এ প্রস্তাব বাস্তবায়িত হলে সুইডিশ নাগরিকত্বের দুটি ভিন্ন ধরন তৈরি হতে পারে। একটি হবে শক্তিশালী নাগরিকত্ব, অন্যটি দুর্বল ও শর্তসাপেক্ষ।
তার মতে, এমন ব্যবস্থা আইনের দৃষ্টিতে সমান অধিকারের নীতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করবে।