উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পোশাকশ্রমিকের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কারখানার মালিক আনোয়ার মাঝিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানার মালিকের ব্যক্তিগত অফিসকক্ষে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন কিশোরীর মা। তাঁর অভিযোগ, অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করেন কারখানার মালিক আনোয়ার মাঝি। পরে তাঁকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।
অভিযোগে বলা হয়, কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন। মায়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁর মেয়েকে মালিকের ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য রাখা হয়েছিল। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা কারখানায় গিয়ে তাঁকে উদ্ধার করেন।
এ ঘটনায় গত ১৩ নভেম্বর কিশোরীর মা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। একপর্যায়ে ঢাকার ইসলামপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।