উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের আওতায় এক হাজার জুলাই যোদ্ধাকে দেশটিতে পাঠানো হবে। আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আতাউর রহমান তাঁর নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনের নড়াইল সদর উপজেলার আংশিক ও লোহাগড়া উপজেলায় বর্তমানে কতজন কর্মক্ষম বেকার যুবক-যুবতী রয়েছেন, তা জানতে চান। পাশাপাশি গত তিন বছরে জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে কতটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সে বিষয়েও তথ্য চান তিনি।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ কোনো কর্মসূচি রয়েছে কি না, থাকলে এর বরাদ্দ, উপকারভোগীর সংখ্যা ও বাস্তবায়নের সময়সীমা জানতে চান এই সংসদ সদস্য।
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সরাসরি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না। তবে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের পাশাপাশি কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
এ সময় মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জন হবেন জুলাই যোদ্ধা। আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে তাঁদের নির্বাচন করে বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানো হবে।