উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতা এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বা অবস্থান নেওয়ার মতো কর্মসূচিও থাকছে না।
বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন। দল এবং তিন অঙ্গসংগঠন পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে থাকার পর ক্ষমতায় আসা বিএনপি এখন দলীয় ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পরিকল্পনা করছে দলটির নেতৃত্ব।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’