উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই মুদি ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলামিন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং আকতার নামে অপর এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার। এ সময় নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এনায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় কয়েকজন ব্যবসায়ী দোকান খোলা রেখেই সেখান থেকে সরে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ অপেক্ষা করে অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে চালের বস্তায় পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।