উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে মৃণাল কান্তি ও ফয়সাল বিপ্লবকে কেন্দ্র করে দুটি বলয়ের মধ্যে সাংগঠনিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে বলে আলোচনা রয়েছে। শীর্ষ নেতৃত্বের একজন কারাবন্দি, অন্যজন দেশের বাইরে থাকলেও তাঁদের অনুসারীদের রাজনৈতিক তৎপরতা থেমে নেই। বরং ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক আধিপত্য প্রতিষ্ঠার হিসাব-নিকাশ ঘিরে দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে বলে দাবি স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রত্যাশাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে নিজেদের অবস্থান শক্ত করতে দুই বলয়ের অনুসারীরা তৎপরতা চালাচ্ছেন। কার অনুসারীরা বেশি সক্রিয়, কার সাংগঠনিক প্রভাব বেশি এবং ভবিষ্যতে দল ক্ষমতায় ফিরলে কার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে—এসব বিষয়কে ঘিরেই প্রতিযোগিতা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
অভিযোগ রয়েছে, মৃণাল কান্তির অনুসারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি নিজেই দিকনির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে ফয়সাল বিপ্লবপন্থীদের সাংগঠনিক তৎপরতায় তাঁর স্ত্রী ফারিহা আফরিন ভূমিকা রাখছেন।
তবে শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, অভ্যুত্থানের পর দেশের বাইরে অবস্থান করা বিভিন্ন ইউনিয়ন ও এলাকার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের একটি অংশ বিদেশে বসে স্থানীয় অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিচিতজন ও এলাকাভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন তাঁরা।
এদিকে দুই বলয়ের রাজনৈতিক তৎপরতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন মাঠপর্যায়ের তরুণ কর্মীরা। সম্প্রতি মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীরবর্তী মোল্লারচর এলাকায় আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে ৩৭ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আটক ব্যক্তিদের মধ্যে ৩৩ জনের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। বাকি চারজনের বয়স ১৮ থেকে ১৯ বছর।
আটক ব্যক্তিদের কয়েকজনের স্বজনদের দাবি, তাঁদের সন্তানদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। ছুটির দিনে ঘুরতে বের হয়ে তাঁরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন।
এই ঘটনা মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তরুণদের ব্যবহার, রাজনৈতিক কর্মসূচিতে তাদের সম্পৃক্ততা এবং এর পরিণতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক নেতৃত্বের প্রভাব ও সাংগঠনিক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে তরুণদের নিরাপত্তা, আইনি ঝুঁকি এবং ভবিষ্যতের বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেতৃত্বের প্রতিযোগিতায় মাঠপর্যায়ের কর্মীরা যেন অনিশ্চয়তার মধ্যে না পড়েন, সে বিষয়েও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।
তবে মৃণাল কান্তি, ফয়সাল বিপ্লব ও ফারিহা আফরিনের কথিত সাংগঠনিক ভূমিকা এবং বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের মাধ্যমে কর্মসূচি পরিচালনার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।