উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপ থেকে বহিষ্কারের নির্দেশ পাওয়া অনিয়মিত অভিবাসীদের রাখার জন্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় বিশেষ প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি সদস্য রাষ্ট্র। এ বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি চুক্তি ঘোষণার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে এ ধরনের কেন্দ্র স্থাপনের উদ্যোগ এটিই প্রথম।
এই উদ্যোগে যুক্ত রয়েছে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, কেন্দ্রটির সম্ভাব্য অবস্থান হিসেবে রুয়ান্ডাকে চূড়ান্ত করা হয়েছে। যদিও এত দিন পর্যন্ত অংশগ্রহণকারী দেশগুলো কেন্দ্রটির অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি ও উদ্বেগের মধ্যেই ইউরোপে অভিবাসন নীতির কঠোর প্রয়োগের অংশ হিসেবে এই পরিকল্পনা এগিয়ে নিচ্ছে দেশগুলো। চলতি বছরের আগস্টে রুয়ান্ডা সরকারও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরুর কথা নিশ্চিত করেছিল।
ভিয়েনায় অভিবাসনবিষয়ক একটি সম্মেলনে অংশ নিতে রুয়ান্ডার প্রতিনিধিদলও উপস্থিত হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, সম্মেলনের পাশাপাশি সংবাদ সম্মেলন করে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, আগামী সপ্তাহে ভিয়েনায় বিষয়টি দেখা যাবে।
ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নিয়ন্ত্রণ ও বহিষ্কার কার্যক্রম জোরদারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে রুয়ান্ডায় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপে অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং জনমনে অসন্তোষ বাড়ার প্রেক্ষাপটে ২০২৪ সাল থেকে এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত কয়েক বছরে ইউরোপে অনিয়মিত অভিবাসীদের আগমন কমেছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে অভিবাসন নিয়ন্ত্রণে চুক্তিও করেছে ইইউ। তবে অভিবাসন এখনো ইউরোপের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু। এ বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন দেশে কট্টর ডানপন্থি দলগুলোর নির্বাচনী সাফল্যও বেড়েছে।
ইইউর হিসাব অনুযায়ী, বহিষ্কারের নির্দেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ শতাংশেরও কম মানুষকে বাস্তবে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে। এ পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করতে নতুন ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় কর্তৃপক্ষ।
চলতি বছরের শুরুতে অনুমোদিত ইইউর অভিবাসন সংস্কার প্রস্তাবে আটক করার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ভূখণ্ডের বাইরে প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে। সমর্থকদের মতে, এসব কেন্দ্র বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের সাময়িকভাবে রাখার পাশাপাশি পরবর্তী গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করতে পারে।
তবে সমালোচকদের আশঙ্কা, যথাযথ আইনি সুরক্ষা ও তদারকি না থাকলে এসব কেন্দ্রে অভিবাসীদের দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে থাকতে হতে পারে। আগের কয়েকটি প্রকল্পের বাস্তবায়নে আইনি ও প্রশাসনিক জটিলতার উদাহরণও তুলে ধরছেন তাঁরা।
রুয়ান্ডাকে প্রত্যাবাসন কেন্দ্রের সম্ভাব্য স্থান হিসেবে বেছে নেওয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দেশটিতে ভিন্নমত দমন, স্বেচ্ছাচারী আটক এবং আটক অবস্থায় দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধরেছে। প্রতিবেশী দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আফ্রিকাবিষয়ক গবেষক ক্লেমেন্টিন দ্য মঁজোয়া বলেছেন, প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনার জন্য রুয়ান্ডাকে অর্থ দেওয়া হলে বহিষ্কৃত ব্যক্তিদের দুর্ভোগ বাড়তে পারে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচিত একটি সরকার আর্থিক ও রাজনৈতিক সুবিধা পেতে পারে।
এর আগে ২০২২ সালে যুক্তরাজ্যের সঙ্গে রুয়ান্ডার একই ধরনের একটি চুক্তি হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাজ্যে অনিয়মিতভাবে প্রবেশ করা অভিবাসীদের আশ্রয়ের আবেদন বিবেচনার আগেই রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। তবে পরবর্তী সময়ে যুক্তরাজ্য সরকার সেই চুক্তি বাতিল করে।
বর্তমান ইউরোপীয় উদ্যোগের সঙ্গে ওই পরিকল্পনার পার্থক্য রয়েছে। নতুন ব্যবস্থায় মূলত যেসব অভিবাসীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাঁদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও ইউরোপের এই উদ্যোগ পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। গত সপ্তাহে তিনি বলেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ইউরোপের প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা যুক্তরাজ্য আগ্রহের সঙ্গে দেখছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, পাঁচটি দেশ ২০২৭ সালের মধ্যে রুয়ান্ডায় কেন্দ্রটি চালু করতে চায়। শুরুতে পরীক্ষামূলকভাবে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখার পরিকল্পনা রয়েছে। পাঁচটি দেশ থেকে আনুমানিক ২০ জন করে পাঠানো হতে পারে।
তবে কেন্দ্রটি প্রচলিত অর্থে আটককেন্দ্র হবে না বলে দাবি করা হচ্ছে। রুয়ান্ডা কর্তৃপক্ষ এর নাম দিতে চায় ‘অভ্যর্থনা কেন্দ্র’। সেখানে পাঠানো কিছু অভিবাসীর রুয়ান্ডায় থেকে যাওয়া ও কাজ করার সুযোগ থাকতে পারে বলেও আলোচনায় উঠে এসেছে।
এ কার্যক্রমে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহায়ক ভূমিকা পালন করতে পারে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, ট্রানজিট পরিস্থিতিতে থাকা অভিবাসীদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আইওএমের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। প্রত্যাবাসন কেন্দ্রসহ এ ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে সংস্থাটির আলোচনা চলছে।