উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর বন্ধ থাকার পর তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মিছিল নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন তাঁরা। পরে সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান তাঁরা।
কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশের পর সেখানে সভা করেন নেতা-কর্মীরা। পরে আবার মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান তাঁরা।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশ ও সভা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তৎপর রয়েছে। আইনের বাইরে কোনো কর্মকাণ্ড হলে পুলিশ আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখবে।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার সকাল ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দলটির নেতা-কর্মীরা মহড়া দেন। এ সময় তাঁদের কারও কারও হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।
একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা।
এ ছাড়া রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলার বাদী।
এর আগে ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলোর সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।