উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসিয়ান-সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সফরে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। বৈঠকে নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
তিনি জানান, চলতি বছরের মে মাসে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস ও তাঁর স্ত্রী জাপানে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পর এবারই প্রথম তাঁদের সরাসরি সাক্ষাৎ হলো। বৈঠকে দুই দেশের বিস্তৃত সহযোগিতার ক্ষেত্র এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তাকাইচি বলেন, আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালনে মার্কোসের প্রচেষ্টার প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি আসিয়ান-সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকে নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। একই সঙ্গে ‘সমন্বিত ও কৌশলগত অংশীদারত্বের’ ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘বিবর্তিত ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) উদ্যোগের আওতায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাপান ভবিষ্যতেও ফিলিপাইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
সফরকালে ফিলিপাইনের প্রেসিডেন্টের আয়োজিত এক গালা নৈশভোজেও অংশ নেন তাকাইচি। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে বলে জানান তিনি।
আসিয়ান-সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনে জাপানের অবস্থান তুলে ধরার কথাও উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী।