উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে ঘেরাও করেন।
এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয় বলে জানা গেছে।
এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং হামলার ঘটনা চলমান ছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।