উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে চালু হওয়া ‘ওয়ান ইন, ওয়ান আউট’ বা ‘একজন যাবে, একজন আসবে’ কর্মসূচির আওতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) শেষবারের মতো অভিবাসীদের বহিষ্কারের ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই ফ্লাইটে থাকা অনেক আশ্রয়প্রার্থী এর আগেও ফ্রান্সে ফেরত পাঠানোর পর পাচারকারীদের হুমকি ও নির্যাতনের শিকার হয়ে আবার যুক্তরাজ্যে ফিরে এসেছিলেন। এবার তাঁদের দ্বিতীয়বারের মতো ফ্রান্সে পাঠানো হচ্ছে। তাঁদের অনেকের অভিযোগ, একই কারণে বারবার তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা কয়েক শ আশ্রয়প্রার্থীকে এই কর্মসূচির আওতায় জোরপূর্বক ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছিল। বিনিময়ে উত্তর ফ্রান্স থেকে প্রায় সমসংখ্যক অভিবাসীকে যুক্তরাজ্যে এনে আশ্রয়ের আবেদন করার সুযোগ দেওয়ার ব্যবস্থা ছিল।
তবে ফ্রান্সে ফেরত পাঠানো অনেক আশ্রয়প্রার্থী পাচারকারীদের হুমকির মুখে আবার যুক্তরাজ্যে ফিরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। পাচারকারীরা তাঁদের পরিবারের কাছে চ্যানেল পাড়ি দেওয়ার অর্থ পাওনা রয়েছে বলে দাবি করে হুমকি দিত। কয়েকজন আশ্রয়প্রার্থী গার্ডিয়ানকে জানিয়েছেন, তাঁরা পাচারকারীদের হাতে মারধর, নির্যাতন এমনকি ধর্ষণের শিকার হয়েছেন।
কেউ কেউ জানিয়েছেন, ফ্রান্সের ক্যালেতে অভিবাসী শিবিরে রাস্তায় ঘুমানোর সময় পাচারকারীরা তাঁদের ধরে নিয়ে যেত। পরে আধুনিক দাসত্বের মতো পরিস্থিতিতে তাঁরা পাচারকারীদের তাঁবু পরিষ্কার, পানি ও জ্বালানি কাঠ বহনের কাজে বাধ্য হতেন।
মঙ্গলবারের ফ্লাইটে যাওয়ার অপেক্ষায় থাকা ইরানের এক আশ্রয়প্রার্থী জানান, এর আগে তাঁকে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছিল। সেখানে পাচারকারীদের হাতে আটক হওয়ার পর আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। তিনি নিজেকে ইরানের রাজনৈতিক ভিন্নমতাবলম্বী দাবি করে বলেন, দেশে ফেরত পাঠানো হলে তাঁর মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ফ্রান্সে পাচারকারীরা তাঁকে ধরে ফেলেছিল। ফ্রান্সে তাঁর আশ্রয়ের আবেদন গ্রহণ করা হয়নি বলে প্যারিসের রাস্তায় ঘুমাতে বাধ্য হয়েছিলেন। তাঁর ভাষ্য, মঙ্গলবারের ফ্লাইটে থাকা অনেকেই তাঁর মতো দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে আসা ব্যক্তি। তাঁদের আবার ফ্রান্সে পাঠানোকে তিনি শাস্তি হিসেবে দেখছেন।
ওই আশ্রয়প্রার্থী আরও অভিযোগ করেন, বহিষ্কার ঠেকাতে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও তাঁরা সমস্যায় পড়েছেন। ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগ করলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর বহিষ্কার চ্যালেঞ্জ করার উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। ফ্রান্সে ফিরে গেলে আবার পাচারকারীদের হাতে আটক কিংবা প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন।
এদিকে, আশ্রয়প্রার্থীদের সহায়তাকারী দাতব্য সংস্থা মেডিকেল জাস্টিস কর্মসূচিটিকে ‘বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থাটির এক মুখপাত্রের মতে, এই ব্যবস্থার কারণে ঝুঁকিতে থাকা মানুষের দুর্ভোগ বেড়েছে এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত লক্ষ্যও অর্জিত হয়নি।
যুক্তরাজ্যের সীমান্ত ও অভিবাসনবিষয়ক স্বাধীন প্রধান পরিদর্শক জন টাকেট গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, কর্মসূচিটির সফলতা বা ব্যর্থতা পরিমাপের পদ্ধতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুস্পষ্ট পরিকল্পনা জানা যায়নি। অথচ কর্মসূচিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনা করা হয়েছিল এবং নিয়মিতভাবে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্রগতির তথ্য পাঠানো হতো।
ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, কর্মসূচিটি ১ অক্টোবর শেষ হওয়ার পর থেকে ৬৯টি ছোট নৌকায় ৪ হাজার ৭৮৬ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।
অন্যদিকে, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেছেন, এই পরীক্ষামূলক কর্মসূচি প্রমাণ করেছে যে এ ধরনের প্রত্যাবাসন ব্যবস্থা কার্যকর হতে পারে। তাঁর বক্তব্য, কর্মসূচির আওতায় ফ্রান্সে পাঠানোর পর কেউ আবার যুক্তরাজ্যে ফিরে এলে তাঁকে পুনরায় ফ্রান্সে পাঠানো হবে—এ বার্তা স্পষ্ট ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষামূলক কর্মসূচি শেষ হয়েছে। তবে প্রত্যাবাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে এর অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগানো হবে।