উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রেসলিং রিংয়ে বহু শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেছেন তিনি। তবে এবার প্রতিপক্ষ কোনো রেসলার নয়, একেবারে বুনো ভালুক! কুকুর নিয়ে হাঁটতে বেরিয়ে মা ভালুক ও তার শাবকদের মুখোমুখি হয়ে আত্মরক্ষায় ভালুকের চোয়ালের নিচে লাথি মেরে আলোচনায় এসেছেন জনপ্রিয় পেশাদার রেসলার অ্যাডাম কোপল্যান্ড। এ ঘটনায় তাঁর পায়ের পিণ্ডলির নিচের অংশে ব্যথাও পেয়েছেন তিনি।
সম্প্রতি রেসলিংবিষয়ক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ ঘটনা সামনে আসে। রেসলিং সাংবাদিক ব্রায়ান আলভারেজের বরাতে জানা যায়, গত সপ্তাহে একটি আবাসিক এলাকায় নিজের পোষা কুকুরগুলোকে নিয়ে হাঁটছিলেন কোপল্যান্ড। এ সময় পাশ থেকে অস্বাভাবিক শব্দ শুনে তাকাতেই দেখতে পান, একটি মা ভালুক তার শাবকদের নিয়ে তাঁর দিকে এগিয়ে আসছে।
ভালুকের মুখোমুখি হলে নিজেকে বড় দেখানোর জন্য দুই হাত উঁচু করার কথা তাঁর মাথায় আসে। কিন্তু দুই হাতে কুকুরগুলোর লিশ বা বাঁধন ধরে থাকায় তিনি তা করতে পারছিলেন না। এদিকে ভালুকটি ক্রমেই তাঁর দিকে এগিয়ে আসছিল। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে মুহূর্তের সিদ্ধান্তে নিজের পায়ের শিন বা হাঁটুর নিচের সামনের অংশ দিয়ে ভালুকটির চোয়ালের ঠিক নিচে লাথি মারেন তিনি।
কোপল্যান্ডের ওই আঘাতের পর ভালুকটি পিছু হটে এবং শাবকদের নিয়ে সেখান থেকে চলে যায়। পরে নিজের কুকুরগুলোকে সঙ্গে নিয়ে নিরাপদে স্থানটি ত্যাগ করেন তিনি। তবে ভালুককে লাথি মারার সময় তাঁর পায়ে আঘাত লাগে। পরে পরিচিত কয়েকজনকে তিনি জানান, ভালুকের চোয়ালে আঘাত করার কারণে তাঁর শিনে বেশ ব্যথা হচ্ছে।
ঘটনাটি ঘটে ১৪ নভেম্বর অনুষ্ঠিত অল এলিট রেসলিংয়ের (AEW) ‘ফুল গিয়ার’ পে-পার-ভিউ অনুষ্ঠানের আগে। ওই অনুষ্ঠানে AEW ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য কাজুচিকা ওকাদার মুখোমুখি হন ৫৩ বছর বয়সী কোপল্যান্ড। ম্যাচটি ছিল অনুষ্ঠানের উদ্বোধনী লড়াই।
প্রায় ১৯ মিনিটের লড়াইয়ে কোপল্যান্ড জয়ের কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত ওকাদার কাছে পরাজিত হন। ওকাদা তাঁর শিরোপা ধরে রাখেন। ম্যাচের আগে পায়ের ব্যথা তাঁর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোপল্যান্ড পেশাদার রেসলিংয়ে ‘এজ’ নামেও পরিচিত। WWE-তে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এই রেসলার ২০২৩ সালে অল এলিট রেসলিংয়ে যোগ দেন। এর আগে ঘাড়ের গুরুতর চোটের কারণে ২০১১ সালে তাঁকে রেসলিং থেকে অবসর নিতে হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে আবার রিংয়ে ফেরেন তিনি ২০২৭ সালকে নিজের পেশাদার রেসলিং ক্যারিয়ারের শেষ বছর হিসেবে ঘোষণা করেছেন কোপল্যান্ড। অবসরের আগে আরও কিছু লক্ষ্য পূরণের ইচ্ছা রয়েছে তাঁর। তবে রিংয়ের বাইরে মা ভালুকের সঙ্গে এই অপ্রত্যাশিত মুখোমুখি হওয়া তাঁর সাম্প্রতিক সময়ের সবচেয়ে অস্বাভাবিক অভিজ্ঞতাগুলোর একটি হয়ে থাকল।