উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুটি বাস থেকে পাওয়া ভাড়ার টাকায় চলত সংসার। সেই আয় থেকেই অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ বহন করতেন বাসমালিক শহিদুল আলম। কিন্তু এক রাতের আগুনে পুড়ে গেছে তাঁর আয়ের একমাত্র অবলম্বন দুটি বাস। এখন স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
শহিদুল আলমের বাস দুটির পাশাপাশি একই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে আরও একটি বাস ও দুটি লেগুনা পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে সড়কে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে পার্ক করা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের কাছেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।
বাসের স্টাফ মো. আলমের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে দুটি বাস ডিপোর সামনে দাঁড় করানো ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি সেখানে এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অল্প সময়ের মধ্যেই আগুন বাস দুটিতে ছড়িয়ে পড়ে।
ঘটনার সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে আলম বলেন, “আমি প্রথমে মনে করছিলাম, রোডে ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বলে চিল্লান দিলে একজন বলতেছে, ‘গুল্লি কইরা দে।’ তখন একটা ফাঁকা আওয়াজ করলো কি না জানি না, আমি উল্টা দিকে দৌড় দিছি।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাস দুটির ভেতরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের স্টাফ আলম।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন বাসমালিক শহিদুল আলম। তাঁর কাছে বাস দুটি কেবল পরিবহনের ব্যবসা ছিল না, ছিল পরিবারের চিকিৎসা ও জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। বাসের আয় থেকে অসুস্থ স্ত্রীর নিয়মিত কিডনি ডায়ালাইসিসের খরচ মেটাতেন তিনি।
বাস পুড়ে যাওয়ার পর এখন স্ত্রীর চিকিৎসা কীভাবে চালাবেন, সেই চিন্তাই তাঁকে তাড়া করছে। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে শহিদুল আলম বলেন, “আমার গাড়ি দুইটা এমপির বাড়ির সামনের এই স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়া আমার সব শেষ কইরা দিয়া গেছে।”
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ইউটার্ন-সংলগ্ন সড়কের পাশে বাসটি রাখা ছিল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় পার্ক করা দুটি লেগুনায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এক রাতের ব্যবধানে একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শহিদুল আলমের মতো ক্ষুদ্র পরিবহন মালিকদের জীবিকা ও পরিবারের চিকিৎসার ব্যয় নির্বাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।