উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের গৌরনদীতে ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁদের সবাই বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার এবং একটি এয়ারগান। এ ছাড়া ৩৩টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গোলাবারুদের মধ্যে রয়েছে পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড, শটগানের ৩১২ রাউন্ড এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।
অভিযানে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ম্যাগাজিন আনলোডার, স্প্রিং, পিস্তলের ভাঙা অংশ, তিনটি মুঠোফোন এবং আলামত সংরক্ষণের ১০টি ব্যাগও জব্দ করা হয়।
শাহী ৯৯ পার্কে অস্ত্র সরানোর তথ্য
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ সরিয়ে গৌরনদীতে তাঁর মালিকানাধীন শাহী ৯৯ পার্কে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
ব্যাটালিয়ন সূত্রের দাবি, এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
গত মে মাসে গ্রেপ্তার হন জর্দা শামীম
জর্দা শামীম ঝালকাঠির শাহী জর্দা কোম্পানির মালিক। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্ধার করা অস্ত্রের উৎস, এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী।