উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্র থেকে তাজা আলু আমদানির ওপর দীর্ঘ ৭৬ বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে জাপান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ এবং দুই দেশের বাণিজ্য আলোচনার অংশ হিসেবে বিষয়টি সামনে এসেছে। তবে সম্ভাব্য এই সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে জাপানের আলুচাষিদের মধ্যে। তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের আলু আমদানির অনুমতি দেওয়া হলে স্থানীয় কৃষি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশটিতে নতুন পোকামাকড় ও উদ্ভিদবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে।
জাপানের খাদ্যসংস্কৃতিতে আলুর রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থান। ভাতের পাশাপাশি আলু দেশটির অন্যতম পরিচিত দেশীয় কৃষিপণ্য। আলু দিয়ে তৈরি ক্রোকেট, মাংস ও আলুর জাপানি স্টু ‘নিকুজাগা’, ঘরে তৈরি চিপস কিংবা মাখন মাখানো সেদ্ধ ও বেক করা আলু—এসব খাবার জাপানিদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ। দেশটি খাদ্যের ৬০ শতাংশের বেশি আমদানি করলেও আলু ও ধানের মতো কয়েকটি কৃষিপণ্যের স্থানীয় উৎপাদনকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের তাজা আলু আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে জাপানে। ২০০৬ সালে অবশ্য সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে কেবল আলুর চিপস তৈরির জন্য আলু আমদানি করা যায়। সেসব আলু সিল করা কনটেইনারে পরিবহন করতে হয় এবং উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করতে হয়, যাতে পোকামাকড় ও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
কিন্তু নতুন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের তাজা আলু প্রথমবারের মতো জাপানের সুপারশপ ও রেস্তোরাঁয় বিক্রির সুযোগ পেতে পারে।
জাপানের কৃষি সংগঠনের হোক্কাইডো অঞ্চলের প্রতিনিধি তোশিহিদে নুমাসাওয়া বলেছেন, তাঁরা আমদানির বিরোধিতা করে আসছেন। তাঁর মতে, বিদেশি আলুর সঙ্গে ক্ষতিকর পোকামাকড় ও রোগজীবাণু দেশে প্রবেশের আশঙ্কা রয়েছে। এতে হোক্কাইডোর আলু উৎপাদন অঞ্চলগুলো ক্ষতির মুখে পড়তে পারে।
জাপানের মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশই আসে হোক্কাইডো থেকে। দেশটির এই অঞ্চলে উৎপাদিত ‘ড্যানশাকু’ বা আইরিশ কোবলার জাতের আলু বিশেষভাবে পরিচিত। এতে শ্বেতসারের পরিমাণ বেশি এবং রান্নার পর আলুর ভেতরের অংশ নরম ও ঝুরঝুরে হয়। ফলে মাখন, অন্যান্য উপকরণ কিংবা মাংসের ঝোলের সঙ্গে খাওয়ার জন্য এটি জনপ্রিয়।
জাপানে বর্তমানে ৯০টিরও বেশি জাতের আলু উৎপাদিত হয়। দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপানিরা মোট ৩৫ লাখ টন আলু খেয়েছেন। এর মধ্যে প্রায় ১২ লাখ টন ছিল আমদানি করা তাজা আলু, যা মূলত চিপস তৈরিতে ব্যবহৃত হয়েছে।
পোকামাকড় ও রোগ নিয়ে শঙ্কা
আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আলুর ক্ষতিকর পোকামাকড় ও রোগ নিয়ে। জাপান সরকার এমন ২১টি পোকামাকড় ও রোগ শনাক্ত করেছে, যেগুলো বিদেশ থেকে প্রবেশ করলে দেশটির কৃষির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এর মধ্যে ‘পটেটো সিস্ট নেমাটোড’ এবং ‘পেল পটেটো সিস্ট নেমাটোড’ নিয়ে কৃষকদের উদ্বেগ বেশি। এসব পরজীবী কৃমি মানুষের স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর না হলেও আলুর শিকড় আক্রান্ত করে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, আক্রান্ত জমির মাটিতে এসব পরজীবী ১৫ বছরেরও বেশি সময় টিকে থাকতে পারে।
হোক্কাইডোর আলুচাষি নাওহিরো মাকিনো বলেছেন, একবার এসব ক্ষতিকর জীবাণু বা পোকামাকড় জমিতে প্রবেশ করলে দীর্ঘ সময় সেখানে আলু উৎপাদন করা কঠিন হয়ে পড়তে পারে। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কৃষিজমি রক্ষার স্বার্থে তিনি তাজা আলু আমদানির নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে।
বাণিজ্য আলোচনায় আলু
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরি করেছেন। চলতি বছরের শুরুতে কংগ্রেসের কয়েকজন সদস্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আলোচনায় মার্কিন আলু আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অব্যাহতভাবে উত্থাপনের আহ্বান জানান।
তাঁদের দাবি, যুক্তরাষ্ট্রের কৃষকেরা উন্নতমানের আলু উৎপাদন করেন এবং জাপান তাঁদের জন্য বড় একটি রপ্তানি বাজার হতে পারে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে জাপানের ভোক্তারা তুলনামূলক কম দামে আলু কিনতে পারবেন। একই সঙ্গে মার্কিন কৃষকদের বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলারের রপ্তানি আয়ের সুযোগ তৈরি হতে পারে বলে আমদানির সমর্থকেরা মনে করছেন।
এ পরিস্থিতিতে জাপানের নতুন কৃষিমন্ত্রী আরাতা তাকেবের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাঁর নির্বাচনী এলাকা হোক্কাইডোর আলু উৎপাদন অঞ্চলের মধ্যে অবস্থিত।
জিজি প্রেসকে দেওয়া বক্তব্যে তাকেবে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এগিয়ে নিতে হলে বিস্তারিত বৈজ্ঞানিক ও কারিগরি আলোচনা প্রয়োজন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে যথেষ্ট সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো প্রত্যাশা থাকলেও দুই দেশের মধ্যে গ্রহণযোগ্য সমঝোতা এবং পর্যাপ্ত আলোচনা ছাড়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে জানান তিনি।
হোক্কাইডো অ্যাগ্রিকালচারাল করপোরেশনস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, হোক্কাইডোর কৃষি রক্ষা করা মানে শুধু একটি অঞ্চলের কৃষি রক্ষা করা নয়; বরং ভবিষ্যতে জাপানের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উৎপাদনভিত্তি সুরক্ষিত রাখা।
স্থানীয় কৃষকেরা আরও বলছেন, জলবায়ু পরিবর্তন, গ্রামাঞ্চলে জনসংখ্যা কমে যাওয়া এবং স্থানীয়ভাবে পোকামাকড়ের বিস্তারের কারণে তাঁরা এমনিতেই নানা সমস্যায় রয়েছেন। এ অবস্থায় বিদেশি আলুর অবাধ প্রবেশ তাঁদের উৎপাদন ও জীবিকার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জাপান সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রত্যাশা, জাপানের ভোক্তাদের সম্ভাব্য সুবিধা এবং স্থানীয় কৃষি ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয় বিবেচনায় রেখেই আলোচনাটি এগোচ্ছে।