উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পর্তুগালে হাজার হাজার বিদেশি নাগরিককে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট পেতে সহায়তার নামে ভুয়া ঠিকানার সনদ তৈরি ও ব্যবহারের অভিযোগে সাতজনকে আটক করেছে দেশটির বিচার বিভাগীয় পুলিশ (পিজে)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানী লিসবনের উত্তরে লুরেস পৌরসভায় তদন্তের অংশ হিসেবে ‘দোমুস’ নামের বিশেষ অভিযান চালিয়ে পর্তুগিজ ও বিদেশি নাগরিকসহ সাতজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তা, অপরাধমূলক সংগঠন গঠন, জাল নথি তৈরি এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পর্তুগালে বসবাসের অনুমতির আবেদনে ঠিকানার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ নথি হলো ‘আতেস্তাদো দে রেসিদেন্সিয়া’। স্থানীয় পৌর কাউন্সিল থেকে ইস্যু করা এ সনদে আবেদনকারীর বসবাসের ঠিকানা উল্লেখ থাকে। তদন্তকারীদের অভিযোগ, এই নথি সংগ্রহের ক্ষেত্রে মিথ্যা ঠিকানা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল।
পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশের (পিজে) তথ্য অনুযায়ী, চক্রটি সমন্বিতভাবে বিদেশি নাগরিকদের জন্য মিথ্যা ঠিকানা দেখিয়ে অন্তত ৪ হাজার ১৯৫টি বসবাসের সনদ ইস্যু করতে সহায়তা করেছে। ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব সনদ ইস্যুর ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তকারী কর্মকর্তা নাতাচা মার্তিন্স জানিয়েছেন, প্রতিটি ঠিকানার সনদের জন্য ৪০ থেকে ৫০ ইউরো নেওয়া হতো। পরে সংগৃহীত অর্থ চক্রের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো।
প্রতি সনদের সর্বনিম্ন ৪০ ইউরো হিসাবে ৪ হাজার ১৯৫টি সনদ থেকে অন্তত ১ লাখ ৬৭ হাজার ৮০০ ইউরো লেনদেনের হিসাব পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। তবে চক্রটির মোট আয়ের পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারী সংস্থা।
তদন্তে আরও উঠে এসেছে, সন্দেহভাজনদের কেউ কেউ এই কাজে এক দিনে ২০ বারের বেশি স্থানীয় কাউন্সিলে যাতায়াত করেছেন। একই ঠিকানার বিপরীতে অস্বাভাবিক সংখ্যক বসবাসের সনদ ইস্যুর বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কাউন্সিল কর্তৃপক্ষ তদন্তের সূত্রপাত ঘটায়।
জাল ঠিকানার সনদ ও মিথ্যা তথ্য ব্যবহার করে যেসব বিদেশি নাগরিক পর্তুগালে বসবাসের অনুমতি পেয়েছেন, তাঁদের অনুমতির বৈধতা এখন প্রশ্নের মুখে পড়তে পারে।
তদন্তকারী কর্মকর্তা নাতাচা মার্তিন্স জানিয়েছেন, আদালতের মাধ্যমে শনাক্ত হওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য দেশটির অভিবাসন, সংহতি ও আশ্রয় সংস্থা (আইমা)-কে জানানো হবে। এরপর প্রশাসনিক প্রক্রিয়ায় তাঁদের রেসিডেন্স পারমিট পর্যালোচনা এবং প্রয়োজন হলে বাতিলের উদ্যোগ নেওয়া হতে পারে।
পিজের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিটের পরিচালনায় অভিযানে সাতটি গ্রেপ্তারি পরোয়ানা এবং ১২টি বাড়িতে তল্লাশির পরোয়ানা কার্যকর করা হয়।
এ সময় বিপুল পরিমাণ নথিপত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি দুটি গাড়ি, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং বিভিন্ন ধরনের অলংকার উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এ তদন্তের নেতৃত্ব দিচ্ছে লুরেসের সরকারি কৌঁসুলির কার্যালয়। আটক সাতজনকে বুধবার (১৯ নভেম্বর) সকালে আদালতে হাজির করার কথা রয়েছে। সেখানে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা ও বিচারিক নিয়ন্ত্রণের বিষয়টি নির্ধারণ করা হবে।
সূত্র: পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (PJ), ইনফোমাইগ্রেন্টস।