উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে খড়বোঝাই একটি ট্রাক পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক ও তাঁর সহকারী (হেলপার)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে খড়বোঝাই করে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড় খালাসের অপেক্ষায় সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে চালক ও হেলপার গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আগুনের বিষয়টি বুঝতে পেরে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। পরে রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিমউদ্দীন জানান, অগ্নিসংযোগের ঘটনায় ট্রাকচালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় ট্রাকের খড় পুড়ে গেলেও চালক ও তাঁর সহকারী অক্ষত রয়েছেন।