উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাত্রীবেশে বাসে উঠে এক দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে চালক, হেলপার ও যাত্রীদের দ্রুত তৎপরতায় সবাই নিরাপদে বাস থেকে নেমে আসতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে যাত্রী ওঠানামার জন্য বাসটি কাঁচপুর ব্রিজের ঢালে দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়।
মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ অবস্থায় চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি। খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।