উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও এমপি টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হয়েছেন তিনি।
বাংলাদেশে অনুপস্থিতিতে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার প্রায় এক বছর পর এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা জানালেন টিউলিপ। তাঁর অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকারের করা অভিযোগের কারণে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল তাঁকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘পলিটিকস আনলিশড’ নামের একটি নতুন পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিক তাঁর বিরুদ্ধে হওয়া বিচারকে ‘বিদ্বেষপ্রসূত মামলা’ (Malicious Prosecution) বলে অভিহিত করেন।
তিনি জানান, একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন। ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি থাকতে পারে। তবে এখনো আইনি পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের সংসদ সদস্য। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।
২০২৫ সালের ডিসেম্বরে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। তাঁর সঙ্গে এ মামলায় আরও ১৬ জনের বিচার হয়। তবে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হয়।
টিউলিপ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। লন্ডনে বসবাসকারী এই ব্রিটিশ এমপির পক্ষে বাংলাদেশের ওই সাজা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের আগস্টে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন। তাঁর দাবি ছিল, শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের মধ্যে তিনি ‘পার্শ্বক্ষতিকর’ হিসেবে জড়িয়ে পড়েছেন।
ইউনূসের সঙ্গে দেখা করার চেষ্টা
সাক্ষাৎকারে টিউলিপ বলেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশের সরকারের কাছে চিঠি পাঠালেও কোনো জবাব পাননি বলে দাবি করেন তিনি।
তিনি জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসের কাছে হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন। সরাসরি সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি বলে অভিযোগ করেন টিউলিপ।
বিচারপ্রক্রিয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি একে ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষ্য, কী অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা তিনি বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সংবাদ বিজ্ঞপ্তি দেখেই প্রথম জানতে পারেন যে তাঁকে দণ্ডিত করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ড. মুহাম্মদ ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করেছিল গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
স্টারমারের সমর্থন পেয়েছিলেন টিউলিপ
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকেও ওই বিতর্কের সময় সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন টিউলিপ। নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবস্থানকালে তাঁকে বার্তা পাঠিয়েছিলেন বলে জানান তিনি।
তবে টিউলিপ বলেন, স্টারমারকে ঘিরে বারবার প্রশ্ন ওঠায় একপর্যায়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক উদ্যোগে শুরু থেকেই যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত নিজেকেই তাঁর জন্য বাধা মনে হচ্ছিল।
স্টারমারের রাজনৈতিক পতনকে বেদনাদায়ক উল্লেখ করলেও তাঁর উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করেন টিউলিপ। তাঁর প্রত্যাশা, লেবার পার্টি আবারও সরকার গঠন করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, ১৯ নভেম্বর ২০২৬।