উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ের একটি পুকুরে অবস্থান করা প্রায় আট ফুট লম্বা কুমিরটি অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রায় ছয় ঘণ্টার অভিযান শেষে বিকেল ৫টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতাকাটা এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। প্রথমে জাল ফেলে কুমিরটিকে আটকের চেষ্টা করা হলেও জাল ছিঁড়ে বেরিয়ে যায় সেটি। দ্বিতীয় দফায়ও কুমিরটি ধরতে ব্যর্থ হন উদ্ধারকারীরা। পরে তৃতীয় দফায় জাল ফেলে সফল হন বন বিভাগের সদস্যরা।
উদ্ধার অভিযানে বন বিভাগের বিশেষজ্ঞ দল, উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় জেলে ও এলাকাবাসী অংশ নেন। দীর্ঘ প্রচেষ্টার পর কুমিরটি নিরাপদে আটক করতে সক্ষম হন তারা।
উদ্ধার হওয়া কুমিরটিকে বন বিভাগের তত্ত্বাবধানে সাফারি পার্কে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বন বিভাগ নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় হাওলাদার জানান, পুকুরে প্রথমে কুমিরটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। সেখানে একটি কুমিরই ছিল বলে নিশ্চিত হন তারা। পরে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে।
লোকালয়ের পুকুরে কুমিরটির উপস্থিতি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছিল। উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে শেষ পর্যন্ত পরিস্থিতির অবসান ঘটে।