উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বুধবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির ভাষ্য, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান হোসেন (২৩), মো. শহিদুল ইসলাম (২৯), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আবদুল আজিজ (৪২), মো. আমিন (২৬), মো. মাহিন (২৫), মো. সানাউল্লাহ (৬০), রাশেদ সরদার (৪০), এম এ হাকিম, গোলাম রব্বানী শামীম, মো. ইব্রাহিম আকন্দ (২৫), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. নুরুন্নবী (২৭) ও সাইফুল ইসলাম (২৭)।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, একই রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন শামীম হোসাইন, শরিফ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আসলাম হক ও নাজমুল হক।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।