উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত বিএনপি নেতাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। সারা দেশে পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরানোর এই উদ্যোগে নারায়ণগঞ্জের কয়েকজন নেতার নামও আলোচনায় এসেছে।
দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর এবং বিএনপি নেতা মো. শাহ আলমের। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
বিএনপির বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, সারা দেশে বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে পর্যায়ক্রমে দলে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রায় ৭০ জনও রয়েছেন। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রগুলোর দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় যে বিভক্তি তৈরি হয়েছিল, তা স্থানীয় সরকার নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে উদ্বেগ রয়েছে।
নারায়ণগঞ্জেও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্বের বিভক্তি আলোচনায় ছিল। বহিষ্কৃত নেতাদের অনেকেরই নিজস্ব কর্মী-সমর্থক এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্বের সমীকরণে পরিবর্তন আসতে পারে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচন এবং সাংগঠনিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়তে পারে।
এর আগে গত জানুয়ারিতে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বিএনপির ২০ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃতদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির তৎকালীন সভাপতি মাজেদুল ইসলাম এবং গিয়াসউদ্দিনের ছেলে জি এম সাদরিলও ছিলেন।
এদিকে গত ৩১ অক্টোবর সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়।
তবে নারায়ণগঞ্জের আলোচনায় থাকা মুহাম্মদ গিয়াসউদ্দিন, রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর ও মো. শাহ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে তাঁদের দলে ফেরার বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বহিষ্কৃত নেতারা দলে ফেরার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের অবস্থান তুলে ধরছেন। তবে তাঁদের আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই রয়েছে।
বিএনপির এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন সাংগঠনিক সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দলীয় পদ ও সাংগঠনিক কার্যক্রমের বাইরে থাকা নেতারা ফিরলে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের পুনর্বিন্যাসের বিষয়টিও সামনে আসতে পারে। তবে শেষ পর্যন্ত কারা ফিরছেন এবং কবে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর।