উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। দগ্ধ দুজনের শরীরের যথাক্রমে ৮৭ ও ৫২ শতাংশ পুড়ে গেছে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকেরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তাঁদের দুজনেরই শ্বাসনালিতে ক্ষত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, রাত দুইটার দিকে কারখানায় বিকট শব্দ শুনতে পান আশপাশের লোকজন। শব্দ শুনে তাঁরা কারখানার দিকে ছুটে যান। সেখানে ভেতরে ধোঁয়া দেখতে পান। পরে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই ইনহেলেশন ইনজুরি রয়েছে।
তিনি বলেন, দুজনকেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্ত শেষে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।