উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সন্ত্রাসী ও অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারির মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তাঁর অবস্থান কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থাও বিষয়টি স্পষ্ট করেছে।
হুমায়ুন কবির বলেন, দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে বিদেশে পালিয়ে গেছেন, তাঁদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন, তাঁদেরও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাঁদেরও ধ্বংস করা শুরু করেছেন।’
শুক্রবার ভোরে নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাসার গেটে আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খোঁজ মেলে না।’
তিনি আরও বলেন, ‘জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে ডিল করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।’
সরকার সহনশীলতার চর্চা করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হুমায়ুন কবির। বাংলাদেশে কোনো সন্ত্রাসী কিংবা আওয়ামী লীগের সন্ত্রাসীদের জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না। এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান। তারা নিজেরাই আতঙ্কিত। কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।’