উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সম্মান ও কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখা হবে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব খেতাবের চেয়েও বড় অর্জন হলো স্বাধীনতার জন্য লড়াই করে একটি জাতির বিজয় ছিনিয়ে আনার গৌরব। এমন গৌরব সবার জীবনে অর্জিত হয় না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী দিবসে তাঁদের সম্মাননা জানানোর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করা হয়েছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকেও আন্দোলিত করে। এ সময় তিনি তাঁর বাবা স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ভূমিকার কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা এখন ক্লান্ত হলেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো উজ্জ্বল রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব বীর মুক্তিযোদ্ধাকে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।