উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে বাসায় ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের চান্দগাঁও ও হাটহাজারী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নে বসবাস করতেন।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বলেন, গ্রেপ্তারের পর আকিব পুলিশকে জানিয়েছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শেখেন। পরে নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনে নিজের ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলে তিনি জানান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শনিবার রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে আটক করেন পুলিশের পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান বলে দাবি পুলিশের। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে তাঁর দেখানো স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।
তবে নারায়ণগঞ্জের কোথা থেকে এবং কার কাছ থেকে মেশিনটি কেনা হয়েছিল, সে বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি। উদ্ধার করা সরঞ্জাম ব্যবহার করে কত দিন ধরে ইয়াবা তৈরি করা হচ্ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও স্পষ্ট করা হয়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।