উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় মামলাটি করেন। মামলায় নিক্সনের ৯৫ জন অনুসারীকেও আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হন রাজু মোল্লা। অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পাঁচ দিন পর এ মামলা করা হলো।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মশাল জ্বালিয়ে সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি রাখেন। তাঁদের হাতে সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশীয় অস্ত্র ছিল।
এজাহারে বলা হয়, রাত পৌনে ৮টার দিকে আসামিরা রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় ২ নম্বর আসামি ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে তাঁর কোমরের ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এ ছাড়া ৩ নম্বর আসামি আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সীসহ কয়েকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে রাজু মোল্লাকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে তাঁর পেটের ডান পাশ থেকে ডান হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায় এবং শরীর রক্তাক্ত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের বর্ণনা অনুযায়ী, খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাজু মোল্লাকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার দিন ভাঙ্গা থানা-পুলিশ যে ২৬ জনকে আটক করেছিল, তাঁদের এ মামলায় আসামি করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এজাহারের কপি মাত্র পেয়েছেন। যাচাই-বাছাই করে এ বিষয়ে পরে জানাতে পারবেন।
তবে মামলায় করা অভিযোগগুলোর বিষয়ে প্রধান আসামি নিক্সন চৌধুরী ও অন্য আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।