উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের বেতন বাড়ার পরপরই কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৈরি পোশাকশিল্পে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করে সাভার পৌরসভা।
বাড়ির মালিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি এবং মালিকপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে নিরপেক্ষ মজুরি বোর্ড একটি বেতনকাঠামো নির্ধারণ করছে। একই সময়ে বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকেরা নতুন করে আর্থিক সংকটে পড়বেন।
তিনি বলেন, ‘মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বৃদ্ধি হওয়ার পর সঙ্গে সঙ্গে দয়া করে বাড়িভাড়াটা বৃদ্ধি করবেন না।’
প্রতিমন্ত্রী জানান, পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষ বেতন-ভাতা নিয়ে আলোচনা করছে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে মজুরি বোর্ড একটি নতুন বেতনকাঠামো নির্ধারণ করবে। এতে শ্রমিকদের বেতন বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মীর শাহে আলম বলেন, ‘দু-এক দিনের মধ্যেই মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং মজুরি বোর্ড একসঙ্গে হয়ে একটি বেতনকাঠামো নির্ধারণ করে দেবে। সেই বেতনকাঠামো নিয়ে আপনারা গার্মেন্টসশিল্পে যে যৌবন, সেই যৌবনটা ফিরিয়ে নিয়ে এসে আমাদের অর্থনীতির চালিকাশক্তিকে ত্বরান্বিত করবেন।’
পোশাকশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতা তৈরির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উসকানি রয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দলের অনেক নেতা-কর্মী দেশের বাইরে অবস্থান করে দেশের ভেতরে কিছু লোককে উসকানি দিচ্ছেন। তাঁদের প্ররোচনায় কেউ কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানবিক দিক বিবেচনায় আন্দোলন ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। সরকার গুম, হত্যা কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করবে না বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, একটি জেলার কয়েকটি থানায় ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে।
গোপালগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী সম-উন্নয়নের ঘোষণা দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসার পর গোপালগঞ্জের উন্নয়নে ১ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে তিনি জানান।
মীর শাহে আলম আরও বলেন, ‘এখন যেটা মনে হচ্ছে, গোপালগঞ্জবাসী বা গোপালগঞ্জের কিছু মানুষ তাদের জেলার উন্নয়ন চায় না। সেখানে থানা থাক, তারা চায় না। সেখানে উপজেলা পরিষদ থাক, তারা চায় না। সেখানে সরকারি অফিস-আদালত থাক, সেটা তারা চায় না।’
তাঁর ভাষ্য, স্থানীয় জনগণ প্রশাসনিক প্রতিষ্ঠান না চাইলে সরকার জোর করে কোনো ভৌগোলিক সীমানার মধ্যে প্রশাসনিক ব্যবস্থা রাখবে না।
সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। সঞ্চালনা করেন সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম।