উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের বাজারে হঠাৎ করেই বেড়েছে টমেটোর দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি টমেটোর দাম ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। কোনো কোনো দোকানে কেজিপ্রতি ২০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
নিত্যপ্রয়োজনীয় এই সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তাঁদের দাবি, দ্রুত বাজার তদারকি বাড়িয়ে টমেটোর দাম সহনীয় পর্যায়ে আনতে হবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে। অথচ এক সপ্তাহ আগেও একই টমেটো বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। কয়েকটি দোকানে এর চেয়েও বেশি দাম চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।
বিক্রেতাদের দাবি, বাজারে টমেটোর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। টানা বৃষ্টির কারণে টমেটো চাষ ব্যাহত হয়েছে। পাশাপাশি অনেক কৃষকের ক্ষেতের টমেটো নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আবুল মোল্লা বলেন, ‘বর্তমানে বাজারে টমেটোর পরিমাণ কম, কিন্তু চাহিদা বেশি। বৃষ্টির কারণে টমেটো চাষ করা যাচ্ছে না। অনেক চাষির টমেটো নষ্ট হয়ে গেছে। এ কারণে বাজারে টমেটোর সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।’
ক্রেতা নাবিলা জাহান নিঝুম বলেন, ‘টমেটোর দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে কেনা কঠিন হয়ে পড়েছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি টমেটো ১০০ টাকা দিয়ে কিনেছি। এখন সেই টমেটো ১৬০ থেকে ১৭০ টাকা, আবার কোনো কোনো দোকানে ২০০ টাকা করেও বিক্রি হচ্ছে। ইচ্ছে থাকলেও এখন আর টমেটো কিনে খেতে পারছি না। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার তদারকি করে এই সবজির দাম কমানোর ব্যবস্থা করুক।’
টমেটোর দাম বাড়ায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের নিত্যদিনের বাজার খরচে চাপ তৈরি হয়েছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো পণ্যের দাম বাড়লে তা দ্রুত বাড়ে, কিন্তু দাম কমার ক্ষেত্রে একই গতি দেখা যায় না।
তাঁরা দ্রুত বাজারদর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।