উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃতভাবে সম্পাদনা করে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘Munshiganj Districts Jcd’ নামের একটি ফেসবুক আইডির ব্যবহারকারীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ অভিযোগ দেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মোহাম্মদ রুইয়াম। অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে আবু মোহাম্মদ রুইয়াম উল্লেখ করেন, শনিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে ফেসবুক ব্যবহার করার সময় ‘Munshiganj Districts Jcd’ নামের একটি আইডি থেকে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের ছবি ও ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর বিষয়টি তাঁর নজরে আসে।
অভিযোগকারীর দাবি, ওই ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যকে নিয়ে একাধিক অপপ্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওর মাধ্যমে সংসদ সদস্যের সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আবু মোহাম্মদ রুইয়াম। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও ভিডিওর লিংকও সংযুক্ত করেছেন তিনি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ থানায় পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগে উল্লিখিত ফেসবুক আইডিটি কারা পরিচালনা করেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা আইডি পরিচালনাকারীদের বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।