উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় বিভক্তি দূর করে সাংগঠনিক ঐক্য জোরদার করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। তাঁদের মধ্যে ৯১ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতাকেও শাস্তির মুখে পড়তে হয়।
এখন তাঁদের একটি অংশকে আবারও দলের সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দলটির নীতিনির্ধারক মহল।
সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় রয়েছেন নির্বাচনে বিজয়ী সাতজন বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।
এ তালিকায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী হাসান মামুনসহ বিভিন্ন জেলার সাবেক ও বর্তমান পর্যায়ের নেতারা।
সম্ভাব্য তালিকায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন এবং জেলা বিএনপির সদস্য মো. মুমিন আলীর নামও রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদারীপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাদের নামও আলোচনায় এসেছে।
বহিষ্কৃত কয়েকজন নেতার ভাষ্য, তাঁদের কেউ কেউ ইতোমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তাঁদের মতে, দলের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে আবেদন করার বিষয়টি সহজ হবে।
তাঁদের কেউ কেউ মনে করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাঁরা পরিস্থিতি বিবেচনা করেই নিয়েছিলেন। এখন দলে ফেরার আবেদন করলে রাজনৈতিকভাবে নানা ধরনের মন্তব্যের মুখে পড়তে হতে পারে। তবে শেষ পর্যন্ত বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।
তিনি বলেন, প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট আলাদা। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাঁদের অপরাধের মাত্রা তুলনামূলক কম, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয় বিবেচনা করছেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে স্থানীয় সাংগঠনিক পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কারা চূড়ান্তভাবে দলে ফিরছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সম্ভাব্য তালিকায় থাকা ব্যক্তিদের প্রত্যাবর্তন নিশ্চিত বলা যাচ্ছে না।