উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হন।
এ সময় সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। কনস্টেবল হত্যার ঘটনায় মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যক্তিদের বিরুদ্ধেও মাদক কারবার ও কিশোর অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।