উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটো গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজ মালিক অহিদুল্লাহ (৫৪) ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে রেখে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় কয়েকজন দুর্বৃত্ত অটো গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর গ্যারেজে থাকা ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। পরে গুরুতর অসুস্থ অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্যারেজে ডাকাতি, বিপুল পরিমাণ মালামাল লুট এবং গ্যারেজ মালিকের মৃত্যুর ঘটনায় পাটাভোগ এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।