উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর প্রতিষ্ঠানের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ৮৭ নম্বর ঠিকানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি তিনি। এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির পরিচয় ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ পাওয়া যায়।
অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রতারণার মাধ্যমে মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে হবে। কোনো দালাল কিংবা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করে প্রতারণার শিকার হওয়া থেকে সতর্ক থাকতে হবে।
বিএমইটি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন খাতে প্রতারণা বন্ধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।