উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে জাল ভিসার মাধ্যমে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে একটি চক্রের মূলহোতা আব্দুল মাবুদকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ৫ হাজার জাল ভিসা এবং ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মাবুদ নগরীর ফিরিঙ্গীবাজার বংশাল রোড এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও একটি কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস, তিনটি সিল এবং ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, এসব জাল ভিসা ব্যবহার করে বিদেশগামী মানুষের সঙ্গে প্রতারণার পরিকল্পনা থাকতে পারে। তবে উদ্ধার হওয়া ভিসাগুলো কীভাবে এবং কাদের কাছে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা, জালিয়াতি ও পাসপোর্ট-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় প্রতারণা, জালিয়াতি ও সাইবার সুরক্ষা আইনে আরও একটি মামলা রয়েছে।
উদ্ধার হওয়া পাসপোর্ট ও জাল ভিসার উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।