প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে মহানগর বিএনপি।
শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপি নেতারা এ ঘোষণা দেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর করা মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন। দলের নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তারা।
এ সময় এনসিপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা প্রয়োজন।
সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিক আহমেদ, আওলাদ হোসেনসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ সেলিম। নির্বাহী সম্পাদক: এমএ হালিম