উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (১৪ আগস্ট) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান পারমার পুলিশপ্রধান আন্দ্রেয়া পাগলিয়ারো।
চিত্রকর্মগুলো উত্তর ইতালির পারমা শহরের কাছে অবস্থিত ফোন্দাজিওনে মাগনানি রোক্কা জাদুঘর থেকে গত মার্চের শেষ দিকে চুরি করা হয়েছিল। মাত্র তিন মিনিটেরও কম সময়ে দুর্ধর্ষ চুরিটি সম্পন্ন করে চোরেরা।
ইতালির অভ্যন্তরীণ পুলিশ বাহিনী কারাবিনিয়েরি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ইউনিটের কর্মকর্তারা জানান, চুরি যাওয়া তিনটি চিত্রকর্মই উদ্ধার করা হয়েছে পারমার একটি অ্যাপার্টমেন্ট থেকে। এগুলো বিখ্যাত শিল্পী পল সেজান, পিয়ের-অগুস্ত রেনোয়া এবং অঁরি মাতিসের আঁকা।
চিত্রকর্মগুলো এক শতাব্দীরও বেশি পুরোনো। পুলিশ ধারণা করছে, এর পেছনে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত।
পুলিশ প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গত ২২ মার্চ রাতে মুখোশ পরা দুই ব্যক্তি জানালা দিয়ে জাদুঘরে প্রবেশ করেন। এরপর তাঁরা দেয়ালে ঝোলানো চিত্রকর্মগুলো খুলে নেন এবং জানালার বাইরে অপেক্ষমাণ এক সহযোগীর কাছে সেগুলো তুলে দেন। এ সময় জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে।
তদন্তকারীদের ধারণা, চুরির পুরো ঘটনাটি আগে থেকেই পরিকল্পিত ছিল। দ্রুততার সঙ্গে অভিযান চালানো এবং বাইরে সহযোগী প্রস্তুত রাখার বিষয়টি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে পুলিশ।
এদিকে একই শিল্পী অঁরি মাতিসের আঁকা আরও কয়েকটি চিত্রকর্ম ব্রাজিলে উদ্ধার হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে জানায়, প্রায় দুই লাখ ডলার মূল্যের ওই শিল্পকর্মগুলো গত ডিসেম্বরে একটি লাইব্রেরি থেকে চুরি হয়েছিল।
চুরি যাওয়া ওই চিত্রকর্মগুলো সাও বের্নার্দো দো কাম্পোর একটি সম্পত্তি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। পরে শিল্পকর্মগুলো যে লাইব্রেরি থেকে চুরি হয়েছিল, সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ইতালিতে উদ্ধার হওয়া সেজান, রেনোয়া ও মাতিসের চিত্রকর্মগুলোর প্রকৃত মূল্য ও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।