উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট) সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় অথবা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি হবে। দলের নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে। দলটির নেতারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করছেন।
চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন চতুর্থ। তাঁর বাবা এস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে হলেও শৈশব ও কৈশোরের বড় সময় কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান—তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন। প্রথমে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।
১৯৯১ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনের পরও তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। মোট তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
ওয়ান-ইলেভেনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি হন খালেদা জিয়া। পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে তাঁকে কারাগারে নেওয়া হয়। করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাঁর সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়।
পরবর্তী সময়ে শারীরিক নানা জটিলতায় দেশে ও বিদেশে চিকিৎসা নেন তিনি। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। পরদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর দলের নেতৃত্বে রয়েছেন তাঁর বড় ছেলে তারেক রহমান।
এদিকে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও দুই দিনের দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।