উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস করে দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্য নানা কর্মকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা অডিটরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার।’ বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ১৮ কোটি মানুষের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
ফারজানা শারমীন পুতুল বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের প্রতিহিংসার পথ বেছে নেয়নি। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেও কোনো প্রতিহিংসামূলক মন্তব্য পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে এতিমখানা, সমাজকল্যাণ সংস্থা ও সংশ্লিষ্ট উপকারভোগীদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি, এতিমখানার দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।