উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে মানুষের শ্রম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের বিশাল জনশক্তিকে উৎপাদনশীল কাজে যুক্ত করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, অন্য কোনো রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে সেই পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হবে। তবে জনগণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালানো হলে তাদের জনগণের কাছেই ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করা কোনো রাজনীতিবিদের কাজ বা দায়িত্ব নয়। রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে জনগণকে ধৈর্য ধরতে শেখানো এবং সঠিক পথ দেখানো।
দেশে বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতি স্বৈরাচারী সরকার করে গেছে। বর্তমান রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণে পরিকল্পনা উপস্থাপন করতে হবে।
তারেক রহমান বলেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই। জনগণও আর এ ধরনের রাজনীতি সমর্থন করে না।
ঢাকা-১৭ আসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই আসনে বিএনপির প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের একটি লেক পরিষ্কার করতে ছয় মাস সময় লাগে। এসব কাজ সহজ নয়, কিন্তু সমালোচনা করা সহজ। যারা সমালোচনায় ব্যস্ত রয়েছেন, তাদের মাঠে নেমে মানুষ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সঠিক কথা বলতে হবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন বক্তব্য থেকে বিরত থাকতে হবে।
বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা রাজপথে টিকে ছিলেন। যারা এখন বড় গলায় কথা বলছেন ও মিথ্যাচার করছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি। বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওই দলের নেতারা ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯৬ সালে ভুল করেছেন এবং ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের উপকারে কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপন করতে হবে এবং জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকার সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী সভাপতিত্ব করেন।