উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার (১৫ আগস্ট) সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়। আগামীকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে ময়লার স্তূপ সাময়িকভাবে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জেবুন নাহার শাম্মী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী ওই সড়ক দিয়েই কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবেন। এ কারণে জেলা শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর পাশাপাশি বাসাবাড়ির আঙিনার বর্জ্য অপসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে পৌরসভার বিভিন্ন বাজার ও বাসাবাড়ির ময়লা পৌরসভার ট্রাকে করে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলা হচ্ছিল। দীর্ঘদিনের বর্জ্য জমে সেখানে বড় আকারের স্তূপ তৈরি হয়। স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকের বর্জ্যও সেখানে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।
খোলা জায়গায় বিপুল পরিমাণ বর্জ্য জমে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ভৈরবসহ বিভিন্ন গন্তব্যের হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়লা অপসারণের দাবি জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গত এক সপ্তাহে ময়লার কিছু অংশ সরিয়ে নেওয়া হয়েছে এবং অবশিষ্ট অংশের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হয়েছে।
একই সড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকাতেও ময়লার স্তূপ ছিল। সেখানেও বালু ফেলে আবর্জনা ঢেকে দেওয়া হয়েছে।
সরেজমিনে খিলপাড়া এলাকায় দেখা যায়, সড়কের পাশে আগের মতো ময়লার স্তূপ দৃশ্যমান নেই। ফলে দুর্গন্ধও কমেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ সাময়িকভাবে কমলেও বালু দিয়ে ময়লা ঢেকে দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ময়লা অপসারণের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন করা হলেও এতদিন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দ্রুত বালু দিয়ে ময়লা ঢেকে দেওয়ায় কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে জনদুর্ভোগ কমানো সম্ভব—এমনটাই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তাঁরা অস্থায়ীভাবে ময়লা ঢেকে রাখার পরিবর্তে স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার সমাধান চান।
কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহাসড়কের পাশে ময়লা ফেলার জায়গাটি আপাতত বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তবে ওই এলাকায় স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান ও সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।