উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সুলতানের নির্দেশে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে। এতে বলা হয়, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর উপাধি প্রত্যাহার করা হয়েছে। তাঁর আচরণ রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন।
ব্রুনেইয়ের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, রাবিয়াতুলের আচরণে সুলতানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে এবং এতে রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ঠিক কী করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয়ও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।
রাবিয়াতুল তাঁর ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ রাজকীয় উপাধি হারিয়েছেন।
সুলতান হাসানাল বলকিয়াহ এর আগেও রাজপরিবারের সদস্যদের রাজকীয় উপাধি প্রত্যাহার করেছেন। ২০০৩ সালে তাঁর দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়। ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের উপাধিও কেড়ে নেওয়া হয়েছিল।
তবে রাবিয়াতুলের ঘটনা আলাদা। কারণ তিনি এখনো সুলতানের ছেলে প্রিন্স আবদুল মালিকের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি।
২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুল আদাউইয়াহর বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা চলে ১০ দিন ধরে। এতে হাজার হাজার অতিথি অংশ নেন।
এই দম্পতির চার মেয়ে রয়েছে—১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছরের ফাতিয়্যাহ, ৬ বছরের খালিশাহ এবং ১৬ মাস বয়সী নাবিলাহ। মায়ের রাজকীয় উপাধি প্রত্যাহার করা হলেও সন্তানদের উপাধিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। সুলতান হাসানাল বলকিয়াহর তিন স্ত্রীর গর্ভে মোট ১২ সন্তান রয়েছে।
৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের একচ্ছত্র শাসক। বোর্নিও দ্বীপে অবস্থিত তেলসমৃদ্ধ ছোট দেশ ব্রুনেই চারদিক থেকে মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা বেষ্টিত।
১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন হাসানাল বলকিয়াহ। দীর্ঘ শাসনকালের কারণে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাজাদের একজন।
সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ। তেল ও গ্যাসসম্পদনির্ভর ব্রুনেই তাঁর শাসনামলে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি ধরে রেখেছে।