উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের এই অর্জনকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ডারউইনে ৯ উইকেটের এই জয় শুধু বাংলাদেশের জন্যই নয়, এশিয়ার ক্রিকেটের জন্যও বিশেষ। এই শতাব্দীতে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানেরও টেস্ট জয় নেই। শ্রীলঙ্কা এখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি। আর ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়টি অস্ট্রেলিয়ার মাটিতে কোনো এশীয় দলের জন্য উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয়।
এমন ঐতিহাসিক সাফল্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ক্রিকেটারদের জন্য কোনো বিশেষ বোনাস ঘোষণা করবে কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোনাসের বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব।’
বাংলাদেশ দলের এই অর্জনে গর্ব প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের পথেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ অবস্থানে রয়েছে।
এই চক্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট রয়েছে।
ঘরের মাঠে চার টেস্টের সবগুলোতে জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে এখনই সে বিষয়ে বেশি দূরের চিন্তা করতে চান না তামিম ইকবাল।
তিনি বলেন, ‘তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের আত্মবিশ্বাস যেমন বাড়িয়েছে, তেমনি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।