উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কয়েক দশক ধরে তিনি সমৃদ্ধ করেছেন দেশের সংগীতাঙ্গন। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই শিল্পী বেঁচে থাকলে আজ ৬৪ বছরে পা দিতেন।
মাত্র ৫৬ বছরের জীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন আইয়ুব বাচ্চু। ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে ব্যান্ড সংগীতে পথচলা শুরু করেন তিনি। ১৯৮৩ সালে মাত্র ৬০০ টাকা নিয়ে ঢাকায় আসেন। এরপর প্রতিভা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা হিসেবে।
প্রায় এক দশক সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৯০ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘এলআরবি’। শুরুতে ব্যান্ডটির নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’। পরে ‘লাভ রান্স ব্লাইন্ড’ নামে পরিচিতি পায় এলআরবি।
রক সংগীতের বরপুত্র হিসেবে পরিচিত হলেও আইয়ুব বাচ্চুর সংগীতের পরিধি ছিল অনেক বিস্তৃত। আধুনিক গান, লোকসংগীত থেকে শুরু করে চলচ্চিত্রের প্লেব্যাক—সব ক্ষেত্রেই নিজের অনন্য কণ্ঠ, সুর ও গিটারের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।
গানের মঞ্চে হাসিমুখ ও উচ্ছ্বাসের আড়ালে ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল একজন মানুষ। কাছের মানুষদের ভাষ্য অনুযায়ী, নিজের ভেতরের কষ্ট সহজে প্রকাশ করতেন না আইয়ুব বাচ্চু। তবে সেই অভিমান, ভালোবাসা ও যন্ত্রণা বারবার ফুটে উঠেছে তাঁর গান ও সুরে।
মায়ের মৃত্যু ছিল তাঁর জীবনের অন্যতম বড় ধাক্কা। মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বিভিন্ন সময়ের আড্ডা ও সাক্ষাৎকারে তুলে ধরেছেন তিনি। ব্যান্ডের সহশিল্পীদের দলছুট হওয়াও তাকে কষ্ট দিত। কারণ ব্যান্ডের সদস্যদের তিনি শুধু সহশিল্পী নয়, পরিবারের অংশ হিসেবেই দেখতেন।
আর গিটার ছিল আইয়ুব বাচ্চুর জীবনের সবচেয়ে বড় ভালোবাসাগুলোর একটি। গিটার সংগ্রহ ও বাজানোর প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। নিজের সংগীতজীবনে গিটারকে সঙ্গী করে তৈরি করেছেন এক অনন্য স্বাক্ষর।
‘চলো বদলে যাই’, ‘হাসতে দেখো’, ‘এখন অনেক রাত’, ‘রুপালি গিটার’, ‘মেয়ে’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সুখের এ পৃথিবী’, ‘ফেরারী মন’, ‘উড়াল দেবো আকাশে’, ‘বাংলাদেশ’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘এক আকাশের তারা’, ‘সেই তারা ভরা রাতে’, ‘কবিতা’, ‘যেওনা চলে বন্ধু’সহ অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।
২০১৮ সালের ১৬ আগস্ট ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের নিয়ে নিজের শেষ জন্মদিন পালন করেছিলেন আইয়ুব বাচ্চু। এর মাত্র দুই মাস পর, ১৮ অক্টোবর, হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান বাংলা ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি।
মৃত্যুর প্রায় আট বছর পরও তাঁর গান, সুর ও গিটারের মূর্ছনা নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। সময়ের স্রোত পেরিয়ে আইয়ুব বাচ্চু তাই শুধু একজন শিল্পী নন—বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে তিনি এক অমর অধ্যায়।