উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িলে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারবাহী একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে কুড়িলের জমজ রোডসংলগ্ন প্রগতি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন হিরা জানান, ভোরে একটি প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়ির চালক আগুন নেভানোর জন্য ছুটাছুটি করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীর অভিযোগ, ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা না করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। পরে আশপাশের লোকজন নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন বলেন, কুড়িলের জমজ রোডের পাশে প্রগতি ফিলিং স্টেশনে ভোরে একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফিলিং স্টেশনের লোকজন ঘটনাস্থল থেকে চলে গিয়েছিলেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাদের কাউকে পাননি।
এ বিষয়ে প্রগতি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. মাসুম বিল্লাহর বক্তব্য জানতে কয়েক দফা মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ এবং সিলিন্ডারটির নিরাপত্তা মানসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের পর বিস্তারিত জানা যাবে।