উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার সম্পর্কে জানতেন না—এমন দাবি করে শেখ হাসিনা বিলম্ব মার্জনার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছে প্রসিকিউশন।
রোববার (১৬ আগস্ট) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ কথা বলেন।
তিনি বলেন, পলাতক আসামিরা ফিরে এসে প্রায়ই দাবি করেন যে তারা বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতেন না। এ ধরনের দাবি করে দীর্ঘ বিলম্বের পর আদালতে এসে আত্মসমর্পণ ও বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিরা এ ধরনের অজুহাত কোনোভাবেই দিতে পারবেন না।
গাজী তামিম বলেন, তারা মামলা সম্পর্কে জানেন এবং বিভিন্ন সময়ে এ বিষয়ে বক্তব্যও দিয়েছেন। এমনকি দেশে ফিরে আসার কথা বলার পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে মামলাটির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
তিনি বলেন, আসামিরা ট্রাইব্যুনালে এসে এ সুযোগ নিতে চাইলে প্রসিকিউশন দেখাবে যে, তারা এরই মধ্যে মামলার বিষয়ে অবগত ছিলেন এবং বিভিন্ন সময়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।
মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে প্রসিকিউটর বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে মামলাটির অভিযোগ পাওয়া যায় এবং এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। প্রায় এক বছর ধরে মামলাটি চলমান রয়েছে।
তিনি বলেন, মামলার বিচার কার্যক্রম যথাযথ নিয়মে পরিচালিত হচ্ছে। আইন অনুযায়ী যেখানে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন, ঠিক ততটুকু সময় দিয়েই মামলাগুলো পরিচালনা করা হচ্ছে। বিচারপ্রক্রিয়ায় অযথা তাড়াহুড়োও করা হচ্ছে না, আবার বিলম্বও করা হচ্ছে না।
ভারতে অবস্থানরত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে গাজী তামিম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বা দণ্ডাদেশের পরোয়ানা থাকলে ভারত আইনগতভাবে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকা সত্ত্বেও তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।