উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংকট কাটিয়ে উঠতে ন্যূনতম দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সরকার উত্তরাধিকারসূত্রে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটও অতীত থেকে পাওয়া সমস্যার অংশ।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ সমস্যা সমাধান এক বছরের মধ্যেও সম্ভব নয়। এর জন্য ন্যূনতম সময় দুই বছর প্রয়োজন।’
বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কথা বলা বাস্তবে সম্ভব নয়। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, যত দ্রুত সম্ভব আমরা সবকিছু করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমরা কোনো সময় নষ্ট করছি না।’
গ্যাস সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান আমির খসরু। তিনি বলেন, গ্যাসের ক্ষেত্রে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ও অনশোর স্টোরেজসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সেমিনারে এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান, অ্যামচেমের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রুপালী হক চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।