উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে খাবার ও পানি ছাড়া প্রায় ১১ দিন সাগরে ভেসে থাকার পর একটি নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেঁচে যাওয়া এক বাংলাদেশি। নিহতদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে দাবি করেছেন তিনি।
মিসরের মারসা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন ওই বাংলাদেশির দেওয়া তথ্যের বরাতে বিষয়টি জানিয়েছেন কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন। তবে মিসরের পুলিশ এখনো সাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা গেছে, বেঁচে যাওয়া বাংলাদেশি নাগরিকের নাম আবদুল করিম। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের বাসিন্দা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস।
আবদুল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট লিবিয়া থেকে ৪২ জন যাত্রী গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাঁদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি এবং চারজন সুদানের নাগরিক ছিলেন। ভূমধ্যসাগরে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে জ্বালানিও শেষ হয়ে যায়।
এরপর খাবার ও পানি ছাড়া প্রায় ১১ দিন সাগরে ভেসে থাকার পর ১৩ আগস্ট মিসরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায় নৌকাটি। স্থানীয় লোকজন নৌকাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে প্রায় ২৯ থেকে ৩০ জনকে উদ্ধার করে দুটি হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া অনেকেই তখন অচেতন ছিলেন। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আবদুল করিম দূতাবাসকে জানান, প্রচণ্ড গরম, খাবার ও পানির সংকটে নৌকাটিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নয়জন বাংলাদেশি ছিলেন। পরে মরদেহগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন জীবিতরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও একই তথ্য জানিয়েছেন করিম। তাঁর দাবি, নৌকাটিতে সর্বোচ্চ ২৫ জন যাত্রী বহনের সক্ষমতা থাকলেও সেখানে ৪২ জনকে তোলা হয়েছিল। নৌকাটিতে ছিল মাত্র একটি ইঞ্জিন।
দীর্ঘ সময় সাগরে থাকার কারণে জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের শারীরিক অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন করিম। তাঁর ভাষ্য, দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে তাঁদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও পচন ধরতে শুরু করেছে।
তবে মৃত্যুর এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মো. জাকির হোসেন বলেন, মিসরের পুলিশ এখন পর্যন্ত ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো কোনো তথ্য পায়নি। বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য দূতাবাস কর্তৃপক্ষ অনুমতি চেয়েছে। সেই অনুমতি পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্তত পাঁচ যুবকের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাঁরা হলেন—পাগলা শত্রুমর্দান গ্রামের হৃদয় পাল, চিকরকান্দি গ্রামের এনামুল খান, চিকরকান্দি গ্রামের রিপন মিয়া ও মামুন খান এবং রানসি গ্রামের মো. তালহা।
হৃদয়ের চাচা কানন পাল জানান, গত ৩১ জুলাই সর্বশেষ হৃদয়ের সঙ্গে তাঁর কথা হয়। তখন হৃদয় জানিয়েছিলেন, ৩ আগস্ট গ্রিসের উদ্দেশে যাত্রা করবেন। ওই দিন লিবিয়া থেকে দুটি নৌকা ছেড়েছিল। পরে প্রথম নৌকার একজন পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, হৃদয় দ্বিতীয় নৌকায় ছিলেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত হলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রায় বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির তালিকায় এটি হবে আরও একটি মর্মান্তিক ঘটনা।